বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামনে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন অতীতের আওয়ামী আমলের মতো হবে না। এবারের ভোট হবে নিরপেক্ষ, এবং জনগণের আস্থা অর্জন করলেই বিজয় সম্ভব।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির পঞ্চম দিনের উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির সামনে একটি প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ নিয়ে এসেছে। এই নির্বাচনের লড়াইকে তিনি সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন, “এটা পেছনে টেনে নেওয়ার শক্তিকে পরাজিত করে সামনে এগিয়ে যাওয়ার লড়াই,” বলেন তিনি।
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, নতুন কিছু রাজনৈতিক দল বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ আখ্যা দেওয়ার চেষ্টা করছে। তবে দেশের বড় বড় সংস্কার ও ইতিবাচক পরিবর্তনগুলো বিএনপির হাত ধরেই এসেছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের বেশিরভাগ ভালো অর্জনের পেছনেও রয়েছে বিএনপি।
এ সময় মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব দ্রুতই দেশে ফিরবেন।
তিনি বলেন, “যারা ১৯৭১-এর প্রজন্মকে অপমান করে, যারা ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল পথে নেয়—তাদের প্রতিহত করতে হবে।”
নির্বাচনের তফসিল ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন, নতুন নেতৃত্ব গঠনের সুযোগ এসেছে।
মনোনয়ন পাওয়া-না–পাওয়া নিয়ে বিভক্ত না হয়ে নির্বাচনে বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল।