ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় নিম্নচাপের প্রভাবে বুধবার (১০ ডিসেম্বর) সকাল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে আশ্রয়হীন মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। অবিরাম বৃষ্টিতে হাজার হাজার অস্থায়ী তাঁবু প্লাবিত হয়ে পড়ে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদকের মতে, অনেক তাঁবুর ভেতর পানি জমে ৪০ সেন্টিমিটারেরও বেশি উচ্চতায় পৌঁছেছে।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল ভিডিও বার্তায় সতর্ক করে বলেন, খারাপ আবহাওয়া চলতে থাকলে গাজায় নতুন মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে, যা আরও বড় ক্ষতির আশঙ্কা বাড়াচ্ছে।
বাসাল জানান, গাজা এখনো ভয়াবহ মানবিক সংকটের মাঝে রয়েছে। প্রায় ২৪ লাখ মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তার মাত্র অল্প অংশই ঢুকতে পারছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মানবিক সহায়তার অবাধ প্রবেশ নিশ্চিত করার অনুরোধ জানান।
এর আগের দিন, মঙ্গলবার, গাজা সরকারের মিডিয়া সেল জানিয়েছিল, বুধবার থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নিম্নচাপ সক্রিয় থাকবে এবং এতে লাখো বাস্তুচ্যুত মানুষ মারাত্মক ঝুঁকিতে পড়বে।
মিডিয়া অফিসের পূর্ববর্তী তথ্য অনুসারে, ইসরায়েলের দুই বছরের হামলায় গাজার অবকাঠামো প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত, ফলে সবচেয়ে বেশি সংকট তৈরি হয়েছে আশ্রয়ের। বর্তমানে অঞ্চলটিতে প্রায় ৩ লাখ তাঁবুর প্রয়োজন রয়েছে।
জাতিসংঘের হিসাব বলছে, যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে খরচ হতে পারে ৭০ বিলিয়ন ডলারেরও বেশি। দীর্ঘ গণহত্যায় এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ৭১ হাজারের বেশি আহত হয়েছেন। চলতি বছরের ১০ অক্টোবর থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।