ছাত্র জনতার জুলাই-আগস্ট অভ্যুত্থান চলাকালে ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জাতীয় পত্রিকায় প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ প্রদান করে। একই আদেশে মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ ডিসেম্বর।
সেদিন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের শুনানি পরিচালনা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মামলার আরেক অভিযুক্ত সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী লিটন আহমেদ।
এর আগে, গত ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ মামলার অভিযোগ গ্রহণ করে দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা আনুষ্ঠানিকভাবে গ্রহণযোগ্য ঘোষণা করে। একইসঙ্গে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।