বাংলাদেশের গর্ব, ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি এবার জায়গা করে নিয়েছে ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি তালিকায়। দেশের সাংস্কৃতিক সম্পদের জন্য এটি এক বড় অর্জন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান।
তিনি লিখেন, “টাঙ্গাইল শাড়ি ইউনেস্কোর মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত হয়েছে। ইউনেস্কোতে আমাদের টিম দুর্দান্ত কাজ করেছে—তাদের অভিনন্দন।”
টাঙ্গাইল শাড়ির ইতিহাস ও স্বীকৃতি
হাতে বোনা টাঙ্গাইল শাড়ি বহু শতাব্দী ধরে বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী কারুশিল্প হিসেবে পরিচিত। সূক্ষ্ম নকশা, মিহি সুতা ও দক্ষ কারিগরের কৌশলে তৈরি এই শাড়ি দেশ-বিদেশে সমাদৃত।
২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি শিল্প মন্ত্রণালয় টাঙ্গাইল শাড়িকে ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে ঘোষণা করে। এবার ইউনেস্কোর স্বীকৃতির মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আরও এক ধাপ মর্যাদা অর্জন করল এই ঐতিহ্যবাহী তাঁতশিল্প।