মাদারীপুরের রাজৈর উপজেলায় অনিক আচার্য (৩৫) নামের এক চিকিৎসক নিজের ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার সময় তিনি তার প্রেমিকার সঙ্গে ভিডিওকলে ছিলেন বলে পরিবারের দাবি। ঘটনাটি ঘটে সোমবার রাত সাড়ে ১২টার দিকে টেকেরহাট বন্দরের শিমুলতলা এলাকার নূর জাহান কমিউনিটি সেন্টারের তৃতীয় তলার বাসায়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায় পুলিশ।
অনিক আচার্য সিটি হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে জরুরি বিভাগের ডিএমএফ চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের পল্লী চিকিৎসক অঞ্জন আচার্যের ছেলে।
পরিবার জানায়, অনিক গত আট বছর ধরে ওই হাসপাতালে চাকরি করছেন এবং দ্রুত সাড়া দিতে পারার সুবিধার্থে কর্মস্থলের কাছে একটি ফ্ল্যাটে একা থাকতেন। সোমবার রাতে কাজ শেষে বাসায় ফিরে প্রেমিকার সঙ্গে ঝগড়ার জেরে ভিডিওকলে থাকা অবস্থাতেই ফ্যানের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেন।
ঘটনার পর পাশের বাসার নৃপন নামের এক ব্যক্তি জানালা দিয়ে অনিকের ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত পুলিশে খবর দেন। পরে রাজৈর থানা পুলিশ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”