অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কিংবা সরকারের যেকোনো পদে থাকা ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না—এ কথা স্পষ্টভাবে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সরকারের কোনো দায়িত্বে থেকে প্রচারণায় অংশ নেওয়া যায় না। প্রচার করা না গেলে প্রার্থী হওয়াও সম্ভব নয়। তাই সরকারি পদে থাকলে সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।”
নির্বাচন প্রস্তুতি বিষয়ে তিনি জানান, তফসিল ঘোষণার সব প্রস্তুতি প্রায় শেষ। তিনি বলেন, “রিটার্নিং অফিসার নিয়োগ, সহকারী রিটার্নিং অফিসার, আসন বিন্যাস, মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেট নিয়োগ, মনিটরিং সেল, আইনশৃঙ্খলা সেল—সব কাগজপত্র ও পরিপত্র প্রস্তুত আছে। শুধু যথাসময়ে ঘোষণা দিতে হবে।”
অন্যদিকে নির্বাচন কমিশনার আব্দুর রাহমানেল মাছউদ বলেন, তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব ইসির নয়। তিনি আরও জানান, চূড়ান্ত পোস্টাল ব্যালটে কোনো নিষিদ্ধ বা স্থগিত দলের প্রতীক রাখা হবে না।
তিনি জানান, “সিইসির ভাষণ পুরোপুরি প্রস্তুত। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে।”
আগামীকাল (বুধবার) দুপুরে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে।