ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে মুক্তির অপেক্ষায় রয়েছে আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত সিনেমা ‘নূর’। গত মাসের শেষের দিকে প্রকাশিত হয়েছে এর ৪২ সেকেন্ডের টিজার। পুরো টিজার খুব একটা সাড়া না ফেললেও একটি চুম্বন দৃশ্য দর্শকমহলে ব্যাপক চর্চায় আসে।
টিজারে দেখা যায়—নদীর ধারে কাশবনের ফাঁকে ঐশীর ঠোঁটে চুম্বন করছেন শুভ। এ দৃশ্যটি প্রকাশের পরই দু’জনের প্রেম নিয়ে নেটদুনিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে।
অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন ঐশী। সম্প্রতি গণমাধ্যমকে তিনি জানান, “নূর–এ থাকা চুম্বনের দৃশ্যটি শুধুই অভিনয়ের অংশ। বাস্তব জীবনে শুভর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বা রোমান্টিক সম্পর্ক নেই।”
তিনি আরও বলেন, “চুমুর দৃশ্য না থাকলে হয়তো অন্য কোনো দৃশ্য থাকতে পারত—হয়তো নায়ককে ধাক্কা দেওয়া বা চড় মারা। গল্পের প্রয়োজনেই যে দৃশ্য দরকার হয়, সেটাই আমরা অভিনয় করি।”
‘মিশন এক্সট্রিম’ ও ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’-এর পর ‘নূর’ শুভ–ঐশী জুটির তৃতীয় কাজ। রায়হান রাফী পরিচালিত সিনেমাটি ২০২২ সালেই সেন্সর বোর্ডে জমা পড়ে। প্রথমবার ছাড়পত্র না পেলেও দ্বিতীয়বার অনুমোদন পায়। এরপর বহুবার মুক্তির কথা শোনা গেলেও তা বাস্তবায়ন হয়নি। এবার সব প্রস্তুতি সম্পন্ন করে ওটিটিতেই ছবিটি মুক্তির অপেক্ষায়।