চাঁদপুরে জেলা জামায়াতে ইসলামীর আমির বিল্লাল হোসেন মিয়াজী দাবি করেছেন, তাঁকে ভুলভাবে বিচার করা হচ্ছে। চাঁদপুর মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ছোটবেলায় মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করায় নিজেকে তিনি ‘সহযোগী মুক্তিযোদ্ধা’ হিসেবে বিবেচনা করেন।
বিল্লাল হোসেন জানান, ১৯৭১ সালে তাঁর বয়স কম হলেও এলাকার অন্য শিশুদের সঙ্গে মিলে মুক্তিযোদ্ধাদের জন্য চাল–ডাল সংগ্রহ করে দিতেন এবং প্রয়োজনীয় খাবার পৌঁছে দেওয়ার কাজেও অংশ নিতেন। তাঁর ভাষায়, দীর্ঘ সময় পর এসে তাঁকে সন্দেহের চোখে দেখা কষ্টদায়ক।
সোমবার সকাল ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ স্মৃতি ভাস্কর্য ‘অঙ্গীকার’-এ গিয়ে শেষ হয়। পরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামী এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। শহীদদের আত্মত্যাগের স্মরণে শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।