মুর্শিদাবাদের বেলডাঙায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণের অনুদান সংগ্রহ দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সভাস্থলে স্থাপিত ১১টি দানবাক্সের মধ্যে চারটির গণনা শেষ হয়েছে। রবিবার রাতভর চলা গণনায় নগদ পাওয়া গেছে ৩৭ লক্ষ ৩৩ হাজার টাকা। অনলাইন পেমেন্টেও এসেছে আরও ৯৩ লক্ষ টাকা। বাকি সাতটি বাক্স খোলা হবে সোমবার সন্ধ্যায়।
হুমায়ুনের ঘনিষ্ঠদের দাবি, দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও বিদেশ থেকেও অনুদান এসেছে। এত বিপুল অর্থ জমায় আলাদা কক্ষ তৈরি করে সেখানে সিসিটিভি–সহ নিরাপত্তা বাড়ানোর পরিকল্পনা চলছে। প্রয়োজনে আরও লোকবল যুক্ত করে গণনা ত্বরান্বিত করা হতে পারে। ব্যাংকের সঙ্গেও প্রাথমিক আলোচনায় বসা হয়েছে।
গত ৬ ডিসেম্বর, অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস-দিনে বেলডাঙায় মসজিদের ভিত্তিপ্রস্তর করেন হুমায়ুন। হাজারো মানুষের ভিড়ে তিনি বড় আয়োজনও করেন। ওই দিনই দানবাক্স স্থাপন করা হয়। এরপর থেকেই অনুদানের স্রোত অব্যাহত।
এই ঘটনার পরই হুমায়ুনকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহরমপুরের সভায় উপস্থিত হলেও সেদিনই তাঁর বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত ঘোষণা করা হয়। হুমায়ুন সভাস্থল ত্যাগ করে জানান, ২২ ডিসেম্বর নতুন রাজনৈতিক দল ঘোষণা করবেন এবং রাজ্যের ১৩৫টি আসনে নির্বাচনেও লড়বেন। একইসঙ্গে প্রতিশ্রুতি দেন, বেলডাঙায় মসজিদ নির্মাণ তিনি কোনোভাবেই থামাবেন না।