হত্যাকাণ্ড থামাতে আমার কাছে কোন ‘ম্যাজিক নেই’ —বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি বিষয়টি লাইট সুইচের মতো হতো, তাহলে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যেত। বাস্তবে তা সম্ভব নয়।
রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যার প্রসঙ্গে তিনি জানান, দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এমন অপরাধ আগে ঘটেছে এবং নির্বাচন সামনে থাকায় পুরোপুরি বন্ধ হয়ে যাবে—এ নিশ্চয়তা দেওয়া কঠিন বলে তিনি মন্তব্য করেন।
নির্বাচন প্রস্তুতি নিয়ে তিনি জানান, সব বাহিনীর প্রশিক্ষণ কাজ সুষ্ঠুভাবে এগোচ্ছে এবং জানুয়ারির মধ্যেই শেষ হবে বলে আশা করা হচ্ছে। সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রতিটি ধাপেই কাজ চলছে। এ বছর ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে বিদ্যুৎ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। যেখানে সমস্যা রয়েছে, সেখানে বিকল্প আলো ব্যবস্থার কথা বলা হয়েছে। এবার নির্বাচনে বডি ক্যামেরাও থাকবে বলে তিনি জানান।
রাজনৈতিক দলগুলোর প্রচারণা নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কাউকে বাধা দিচ্ছে না; সবাই মাঠে সক্রিয় আছে। কেউ না নামলে সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত।
সম্প্রতি থানাগুলো থেকে লুট হওয়া অস্ত্র বিষয়ে তিনি বলেন, প্রতিদিনই উদ্ধার অভিযান চলছে এবং এসব ব্যাপারে নিয়মিতভাবেই গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে।