আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং কমিশনের সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার পক্ষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াও সভায় অংশ নেন।
সাক্ষাতে সিইসি নাসির উদ্দিন জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন এবং একইদিনে গণভোট আয়োজনের প্রস্তুতি দ্রুতগতিতে এগোচ্ছে। তিনি বলেন, নির্বাচনী কার্যক্রম বাস্তবায়নে নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং মাঠপর্যায়ে ইতোমধ্যে নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে।
সিইসি নির্বাচনের প্রস্তুতিকালে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা এবং নিরাপত্তা বাহিনীর সমন্বিত সহায়তার জন্য প্রধান উপদেষ্টার মাধ্যমে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস নির্বাচন কমিশনের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের প্রতীক্ষিত এই নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে সরকার সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, “সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবাইকে মিলে লক্ষ্য অর্জন করতে হবে। জাতিকে একটি মানসম্পন্ন নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম সেরা হবে।