ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জামায়াতে ইসলামের তারুণ্যের উৎসব সমাবেশে রাজনৈতিক নেতৃত্বে তরুণদের সম্পৃক্ততার ওপর জোর দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। তিনি বলেন, নতুন প্রজন্মকে সামনে রেখেই ভবিষ্যতের রাজনীতি সাজাতে হবে। দেশের মানুষের কাছে না এসে দূরদেশে বসে রাজনীতি করলে চলবে না বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার দুপুরে পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ সমাবেশে অংশ নিয়ে সাদিক কায়েম বলেন, দেশের রাজনীতিতে ন্যায়–ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে এ দেশের মাটি, মানুষের ভাষা ও সংস্কৃতিকে ধারণ করতে হবে। তাঁর ভাষায়, “লন্ডন-দিল্লি-পিন্ডি থেকে রাজনীতি নয়—দেশকে ভালোবাসলে দেশেই থাকতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে।”
তিনি আরও বলেন, স্বাধীনতার পর পাঁচ দশক পেরিয়ে গেলেও অনেক প্রত্যাশা পূরণ হয়নি। রাজনৈতিক বিভেদের কারণে দীর্ঘ সময় ধরে গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে আন্দোলনও বাধাগ্রস্ত হয়েছে।
সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, সংগঠনের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। তারা তরুণদের সক্রিয় ভূমিকা, শুদ্ধ রাজনীতি ও সামাজিক পরিবর্তনে অংশ নেওয়ার আহ্বান জানান।