বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি জানতে আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা সাতটার একটু পর তিনি হাসপাতালে পৌঁছান এবং প্রায় আধা ঘণ্টা অবস্থান করে তাঁর চিকিৎসাসংক্রান্ত তথ্য নেন।
১১ দিন ধরে হাসপাতালে ভর্তি থাকা খালেদা জিয়া এখনো আইসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা এখনও জটিল ও উদ্বেগজনক। দেশি–বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল টিম নিবিড়ভাবে তাঁর চিকিৎসা পরিচালনা করছে। আজ সকালে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল ঢাকায় এসে চিকিৎসায় যুক্ত হয়েছেন।
এর আগের রাতে খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে হাসপাতালের আশপাশের নিরাপত্তা জোরদার করা হয়। এসএসএফ, পিজিআর, বিজিবি ও পুলিশের সদস্যরা পুরো এলাকা নিয়ন্ত্রণে রাখেন এবং হাসপাতালের প্রধান ফটক কাঁটাতার দিয়ে ঘিরে রাখা হয়।
হাসপাতালে পৌঁছালে তাঁকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ হোসেন, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান ও ছোট ভাই শামীম এসকান্দার।
চিকিৎসক দলের সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত শোনেন। তাঁরা জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই, জনস হপকিনসসহ যুক্তরাজ্য, চীন ও অন্যান্য দেশের বিশেষজ্ঞ ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন। এ সময় প্রধান উপদেষ্টা সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার নিশ্চয়তা পুনর্ব্যক্ত করেন এবং দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন। তাঁর সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ গুরুতর স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে পরীক্ষায় দেখা যায়, তাঁর হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ রয়েছে।
চিকিৎসকদের মতে, কিডনি কার্যকারিতা স্থিতিশীল না হলে সামগ্রিক অবস্থার উন্নতি কঠিন হবে এবং সামনে কয়েকটি দিন খুবই গুরুত্বপূর্ণ।
খালেদা জিয়ার অসুস্থতার খবর পেয়ে বিএনপির নেতা–কর্মীরা হাসপাতালে ভিড় করছেন, এতে এলাকাটিতে যানজট তৈরি হচ্ছে। মহাসচিব মির্জা ফখরুল নেতা–কর্মীদের অযথা ভিড় না করার আহ্বান জানিয়েছেন।