চলতি ডিসেম্বরের প্রথম দুই দিনেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে উল্লেযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ১ ও ২ ডিসেম্বর দেশে এসেছে ২৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ৩ হাজার ২৫ কোটি ৬০ লাখ (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। শুধু ২ ডিসেম্বরই দেশে আসে ১ হাজার ৬৮৩ কোটি ৬০ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক আয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান আজ বুধবার (৩ ডিসেম্বর) এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ে প্রথম দুই দিনে রেমিট্যান্স এসেছিল ২০ কোটি ৭০ লাখ ডলার। তুলনামূলকভাবে এবার প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ২০ দশমিক ১০ শতাংশ।
অন্যদিকে চলতি অর্থবছরের শুরু থেকে (১ জুলাই) ২ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩২৮ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ১ হাজার ১৩৪ কোটি ৪০ লাখ ডলার—যা থেকে স্পষ্ট, এ বছর প্রবাসী আয়ের প্রবাহ আরও শক্তিশালী অবস্থানে রয়েছে।