বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনের সময় জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে কঠোর সমালোচনা করেছেন।
তিনি বলেন, “একটা খারাপ কথা বলতে হয়, আসলে আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ। কোনো ভদ্র ব্যক্তির সঙ্গে তারা কাজ করতে পারবে না। আওয়ামী লীগ একটি অভদ্র দল, তাদের আচরণও অসভ্য।”
মির্জা আব্বাস জামায়াতকে ধর্ম বিকৃতকারী দল হিসেবে উল্লেখ করে বলেন, “এরা মওদুদবাদে বিশ্বাস করে এবং ইসলামের আদর্শ মেনে চলে না। এসব মানুষের হাত থেকে সাবধানে থাকাই ভালো।”
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “যারা তখন রাজাকার ও আলবদর হিসেবে পরিচিত ছিল, তারা দেশের জনগণ ও নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল। আজ সেই একই মানুষ আবার ভোটের জন্য আহ্বান জানাচ্ছে। যারা বাংলাদেশ চায়নি, তারা এখন বাংলাদেশে ভোট চায়।”
বক্তব্যের সময় মির্জা আব্বাস দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান।