নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে এক জুয়েলারি ব্যবসায়ীকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত আটটার দিকে বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলিয়াকান্দি গ্রামে। নিহতের নাম প্রাণতোষ কর্মকার (৪২)। তিনি এলাকার পরিচিত স্বর্ণকার এবং সাধন সরকারের ছেলে।
পরিবারের সদস্য ও স্থানীয়দের মতে, রাতের দিকে দুই অপরিচিত ব্যক্তি লেনদেনের কথা বলে প্রাণতোষকে বাড়ির বাইরে নিয়ে যায়। পরে দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায় তারা। গুলির শব্দে স্থানীয়রা দৌড়ে গিয়ে মাঠে প্রাণতোষকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা নরসিংদীতে নেওয়ার পরামর্শ দেন। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক প্রাণতোষকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসাদ আবদুল্লাহ খান জানান, মৃতদেহে বুকে আঘাতের চিহ্ন রয়েছে। তা গুলির ক্ষত কি না, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
নিহতের বউদি হেনা কর্মকার বলেন, দুই ব্যক্তি বাড়িতে এলে সন্দেহ হয়েছিল। বাড়ির ভেতরই কথা বলতে বলা হয়েছিল, কিন্তু কৌশলে তারা প্রাণতোষকে বাইরে বের করে নেয়।
বাঁশগাড়ী তদন্তকেন্দ্রের পরিদর্শক মাসুদ আলম হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। খুব দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।