বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদল ঢাকায় পৌঁছেছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তারা ঢাকায় আসেন।
এর আগে দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, যুক্তরাজ্যের পাশাপাশি চীন থেকেও আরেকটি বিশেষজ্ঞ দল বুধবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে। পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে।
ডা. জাহিদ হোসেন জানান, বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত থেকেও চিকিৎসা সহায়তার আগ্রহ প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞ দলগুলো খালেদা জিয়ার অবস্থা মূল্যায়ন করবেন, এরপর প্রয়োজন হলে বিদেশে স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড।
তিনি বলেন, “রোগীর বর্তমান অবস্থার ওপর নির্ভর করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়ার সুযোগ নেই।”
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
দুই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ সময় কারাবন্দী থাকার পর ২০২০ সালে শর্তসাপেক্ষে মুক্তি পান খালেদা জিয়া। চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পূর্ববর্তী সরকার দেয়নি। চলতি বছরের জানুয়ারিতে তিনি যুক্তরাজ্যে চিকিৎসা নেন এবং চার মাস পর দেশে ফেরেন।