সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করার পর তাঁর নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটে এসএসএফ সদস্যরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা দায়িত্ব গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে দুপুরে অন্তর্বর্তী সরকার জানায়, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষাপটে তাঁকে ভিভিআইপি মর্যাদা প্রদান করা হয়েছে এবং সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করতে সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।
তিনি বলেন, খালেদা জিয়ার নির্বিঘ্ন চিকিৎসা, নিরাপত্তা, যাতায়াত সুবিধা এবং প্রয়োজনে বিদেশে নেওয়ার প্রস্তুতি বিবেচনায় তাঁকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে। পরিবার ও দলকেও সিদ্ধান্তের ব্যাপারে জানানো হয়েছে।
এর আগে সোমবার গভীর রাতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়ে ছিলেন যে খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং তাঁর নিরাপত্তায় এসএসএফ নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৩ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রোববার মধ্যরাতের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয় এবং চিকিৎসকেরা ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দিচ্ছেন।
ভিভিআইপি ঘোষণা পরবর্তী সময়ে আজ সকাল থেকেই হাসপাতাল এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয় এবং বেলা দুইটার দিকে এসএসএফ সদস্যদের গাড়ি হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়।