নতুন লুক, কমানো ওজন এবং একাধিক ছবির প্রস্তুতি—সব মিলিয়ে আবারও আলোচনায় ফিরেছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ বিরতির পর তিনি ফের কাজে ফিরতে প্রস্তুত। ডিসেম্বরেই শুরু হতে পারে তার নতুন রোমান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবির শুটিং, যেখানে তার সহশিল্পী থাকছেন অভিনেতা আদর আজাদ।
এমন কর্মব্যস্ত সময়ের মধ্যেই নিজের নতুন রূপ, ক্যারিয়ার এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আলোচনাকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অপু বিশ্বাস। তবে ব্যক্তিগত জীবন নিয়ে কোনো প্রশ্ন তুলতেই স্পষ্ট করে দেন—পেশাগত জায়গায় তিনি ব্যক্তিগত বিষয় আলোচনা করতে চান না।
অপু বিশ্বাস বলেন, “আমি এমন কিছু বলতে চাই না যা আমাকে বারবার বিতর্কের মুখে ফেলবে। এমন কোনো টপিক মিডিয়ায় বলব না, যেটা আমাকে প্রশ্নবিদ্ধ করে।”
তার সুন্দর চেহারার রহস্য জানতে চাইলে নায়িকার সহজ জবাব—
“মানুষ নাকি ভালোবাসা পেলে সুন্দর হয়। আমি হয়তো ভক্ত, দর্শক আর ভালোবাসার মানুষের ভালোবাসা পেয়েই সুন্দর হয়েছি।”
আলোচনার এক পর্যায়ে এক সাংবাদিক অপু বিশ্বাসের ছেলে জয় এবং শাকিব খানের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। জবাবে মৃদু হাসি দিয়ে নায়িকা পাল্টা প্রশ্ন করেন—
“আচ্ছা, বাবা-ছেলের সম্পর্ক কেমন—এটা কি সত্যিই প্রশ্নের বিষয়?”
এরপরই তিনি জানান, ব্যক্তিগত বিষয়কে পেশাগত আলোচনায় না আনার পরামর্শ দিয়েছেন শাকিব খান নিজেই।
অপু বিশ্বাস বলেন,
“উনি (শাকিব খান) একজন স্বনামধন্য অভিনেতা। ক্যামেরার সামনে তিনি শুধুই তার কাজকে উপস্থাপন করেন। আমাকেও উনি বলেছেন—তুমি যখন ক্যামেরার সামনে যাবে, তখন তুমি অপু বিশ্বাস, একজন অভিনেত্রী। তোমার প্রফেশনটাই প্রেজেন্ট করো, ব্যক্তিগত বিষয় নয়।”