ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক বাংলাদেশের আদালতে নিজের অনুপস্থিতিতে দেওয়া রায়কে ‘ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক’ বলে মন্তব্য করেছেন। প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দেওয়া রায়ের পর ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, শুরু থেকে শেষ পর্যন্ত গোটা বিচারপ্রক্রিয়াই ছিল অস্বচ্ছ ও উদ্দেশ্যপ্রণোদিত। তার ভাষায়, এটি ছিল একটি ‘ক্যাঙ্গারু কোর্টের’ পূর্বনির্ধারিত সিদ্ধান্ত।
টিউলিপ সিদ্দিক বলেন, তিনি সবসময় তাঁর নির্বাচনী এলাকা হ্যাম্পস্টেড ও হাইগেটের মানুষের সেবায় মনোযোগী, এবং বাংলাদেশের রাজনৈতিক বিতর্কে জড়াতে চান না।
রায়কে স্বীকৃতি দিচ্ছে না যুক্তরাজ্যের লেবার পার্টিও। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, পুরো বিচারপ্রক্রিয়ায় টিউলিপ সিদ্দিক ন্যায্যভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি, যা প্রক্রিয়াটি নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।
গত সপ্তাহে শীর্ষস্থানীয় ব্রিটিশ আইনজীবীদের এক প্রতিনিধিদল বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিচারটিকে ‘সাজানো, ভিত্তিহীন ও অন্যায্য’ বলে উল্লেখ করেছিলেন। তাঁদের মতে, অনুপস্থিতিতে পরিচালিত এই বিচার আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে ন্যায়বিচার নিশ্চিত হয়নি।