নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হিসেবে নিবন্ধিত নন। তবে ইসি চাইলে তাঁকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগও দিতে পারে। আইনগতভাবে ইসির এমন ক্ষমতা রয়েছে।
আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।
ইসি সচিব বলেন, ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যাঁরা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, কেবল তাঁরাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। এর বাইরে কেউ নতুন করে ভোটার হলেও সেই নাম আগামী নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবে না। তবে নতুন নিবন্ধন কার্যক্রম চালু আছে।
জাতীয় পরিচয়পত্রে নাম, বাবা–মায়ের নাম, পেশা, জন্মতারিখ, ভোটার ঠিকানা ও ছবি—এই সাতটি তথ্য আপাতত সংশোধনের সুযোগ নেই বলেও জানান তিনি।
তারেক রহমান ভোটার তালিকায় আছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে জ্যেষ্ঠ সচিব স্পষ্টভাবে জানান, তাঁর জানামতে তারেক রহমান এখনো ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হননি।
তিনি আরও বলেন, ‘তারেক রহমান নির্বাচনে অংশ নিতে পারবেন কি না—এটি সম্পূর্ণই কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। কমিশন চাইলে তাঁকে সুযোগ দিতে পারে।’
ইসি সূত্রে জানা যায়, আইন অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে কমিশন যে কাউকে ভোটার হিসেবে নিবন্ধিত করা বা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার ক্ষমতা রাখে।