চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টায় কেরানিহাট এলাকায় তারা সড়কে অবস্থান নিলে দুইমুখী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা জানান, মহাসড়কটি দীর্ঘদিন ধরে ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। বারবার দাবি জানানো সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেই তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
তাদের ভাষ্যে, “সংবাদপত্রে চোখ রাখলেই দুর্ঘটনার খবর মেলে। এই পরিস্থিতির আর অবসান চাই। আমাদের দাবি—মহাসড়ককে দ্রুত ৬ লেনে উন্নীত করা হোক।”
প্রসঙ্গত, একই দাবিতে গত ৬ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়। এরপর ১১ এপ্রিল সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছেও স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী। তবে বাস্তব অগ্রগতি না হওয়ায় তারা পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।