বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, দেশে ফেরার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা বা আপত্তি নেই।
তারেক রহমান সকালে লন্ডন থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানান, মায়ের অসুস্থতার এই সংকটময় সময়ে দেশে ফেরার আকাঙ্ক্ষা থাকলেও বিষয়টি তাঁর একক নিয়ন্ত্রণে নেই। রাজনৈতিক বাস্তবতা অনুকূল হলেই তাঁর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ওয়ান–ইলেভেনের পর ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে যুক্তরাজ্যে গেছেন তারেক রহমান। সেখান থেকেই বিএনপির কার্যক্রম পরিচালনা করছেন। গত বছর আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর কয়েকটি মামলার সাজা বাতিল হওয়ায় দেশে ফেরার আলোচনা আবারও জোরালো হয়। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠার পর গত দুই দিনে তাঁর দ্রুত দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নানা জল্পনা-কল্পনাও তৈরি হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব তাঁর পোস্টে আরও জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।