বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা মারাত্মক অবনতির দিকে। তিনি বর্তমানে হাসপাতালে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। এ অবস্থায় লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মায়ের শারীরিক অবস্থা ও নিজের দেশে ফেরার প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) পোস্টে তিনি লেখেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁর চিকিৎসায় দেশের মানুষ দলমত নির্বিশেষে দোয়া করছেন। মাননীয় প্রধান উপদেষ্টা তাঁর চিকিৎসায় সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন।”
তিনি আরও উল্লেখ করেন, দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসক দল আন্তরিকভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন। পাশাপাশি কয়েকটি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র উন্নত চিকিৎসা নিশ্চিতে সহযোগিতার আগ্রহ দেখিয়েছে।
তারেক রহমান বলেন, “মায়ের জন্য সবার দোয়া ও ভালোবাসায় আমরা কৃতজ্ঞ। তাঁর দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাই।”
দেশে ফেরার বিষয়ে তিনি আবেগপ্রবণ মন্তব্য করে বলেন, “এমন সংকটময় সময়ে মায়ের পাশে থাকার আকাঙ্ক্ষা আমারও রয়েছে। কিন্তু বাস্তবতার জটিলতার কারণে এ সিদ্ধান্ত আমার একক নিয়ন্ত্রণে নেই। পরিস্থিতি অনুকূল হলেই দেশে ফেরার দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে বলে আমরা আশাবাদী।”