ইতালিতে হত্যার প্রায় আড়াই মাস পর অবশেষে সাগর বালার (২১) মরদেহ শুক্রবার(২৮ নভেম্বর) বিকেলে মাদারীপুরে তাঁর গ্রামের বাড়িতে পৌঁছেছে। বিকেল সাড়ে চারটার দিকে রাজৈর উপজেলার পাখুল্লা এলাকায় অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হলে স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন।
পরিবারের লোকজন জানান, উন্নত জীবনের আশায় সাগর আড়াই বছর আগে অবৈধ পথে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছান। সেখানে একটি রেস্তোরাঁয় দুই বছর কাজ করার পর তিনি গত ১৮ সেপ্টেম্বর নিখোঁজ হন। আট দিন পর, বাংলাদেশ সময় ২৩ সেপ্টেম্বর দুপুরে ইতালির একটি পার্ক থেকে তাঁর খণ্ডিত দেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। লাশটি কালো রঙের একটি ব্যাগে গচ্ছিত অবস্থায় ছিল।
স্বজনদের অভিযোগ, পেরুজিয়ার স্পোলেটো এলাকার রেস্তোরাঁয় কর্মরত অবস্থায় সাগরকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহতের বাবা কুমোদ বালা জানান, ঘটনার পর ইতালির পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ, বিভিন্ন স্থানে তল্লাশি এবং প্রয়োজনীয় প্রমাণ জোগাড়ে কাজ করেছে। ঘটনাস্থল থেকে সাগরের ব্যবহৃত বৈদ্যুতিক সাইকেলটিও উদ্ধার করা হয়েছে। চোখের জল সামলাতে না পেরে তিনি বলেন, “ছেলের এমন দেহাবশেষ একদিন দেখতে হবে—কখনও ভাবিনি। সরকারের কাছে আমার একটাই দাবি, ছেলের হত্যাকারীরা যেন শাস্তি পায়।”