হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২৮ জনে পৌঁছেছে। স্থানীয় সময় শুক্রবার (২৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির নিরাপত্তা মন্ত্রী ক্রিস ট্যাং।
তিনি জানান, এখনো দুই শতাধিক মানুষ নিখোঁজ থাকাায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় অন্তত ৭৯ জন আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। ইতোমধ্যে ৪৬৭ জনের নিখোঁজ সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে, যাদের মধ্যে ৩৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
গত বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২টা ৫১ মিনিটে তাইপো নগরীর ওয়াং ফুক কোর্ট নামের বহুতল আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে একাধিক ভবনে। শক্তিশালী অগ্নিশিখা পুরো কমপ্লেক্সকে গ্রাস করে ফেলে।
হংকংয়ের প্রধান নির্বাহী জন লি জানান, আটটি ভবনের মধ্যে সাতটির আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবু কিছু অ্যাপার্টমেন্ট থেকে এখনো ধোঁয়া ও আগুনের উপস্থিতি দেখা যাচ্ছে। নিয়ন্ত্রণে আসা ভবনগুলোতে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার ভোর থেকে কমপক্ষে ২৭৯ বাসিন্দার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধ্বংসস্তূপে এখনো কত মানুষ আটকা থাকতে পারেন, সে বিষয়ে স্পষ্ট তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য নয়টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে, যেখানে শত শত মানুষ অস্থায়ীভাবে অবস্থান করছেন। প্রয়োজন হলে আরও আশ্রয়কেন্দ্র খুলে দেওয়ার প্রস্তুতি রয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, কমপ্লেক্সের প্রতিটি তলায় লিফটের জানালা দাহ্য উপকরণ দিয়ে আবৃত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি ভবনের বাইরের সংস্কার কাজে ব্যবহৃত নেট ও বাঁশের মাচাও আগুনের বিস্তার বাড়িয়ে দেয়।