নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি এবং তাঁর পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিন ধরে অশালীন ও মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানহানি করার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার আসামি আকাশ নিবিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও বনানী থানার উপপরিদর্শক মো. এমদাদুল হক আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তবে নিরাপত্তাজনিত কারণে আকাশকে আদালতের কাঠগড়ায় তোলা হয়নি। এ সময় আদালতকক্ষে উপস্থিত ছিলেন তনি।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী শামীম মিয়া জামিনের আবেদন করেন। অপরদিকে বাদীপক্ষে আইনজীবী জান্নাতুল ফেরদৌস জান্নাত জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন নামঞ্জুর করে আকাশ নিবিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৬ নভেম্বর রাতে হাতিরঝিল এলাকা থেকে আকাশকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে আসামিরা তনি ও তাঁর পরিবারকে নিয়ে অসত্য, অশালীন ও বিভ্রান্তিকর ভিডিও তৈরি করে ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিচ্ছিলেন।
২১ সেপ্টেম্বর তনি তাঁর বনানী বাসায় বসে নিজের ফেসবুক আইডিতে দেখেন—‘মৌ সুলতানা’ নামে একটি আইডি থেকে তাঁর ও তাঁর স্বামী মরহুম সাদাদ রহমানকে নিয়ে অশালীন মন্তব্যসহ ভিডিও প্রকাশ করা হয়েছে। এরপর আরও দেখা যায়, তাঁদের বিয়ে নিয়ে ভুয়া কাবিননামা তৈরি করে প্রচার করা হয়েছে, এমনকি তাঁর সন্তানের জন্ম নিয়েও প্রশ্ন তুলেছে আসামিরা।
এ ঘটনায় ২১ নভেম্বর তনি বনানী থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা দায়ের করেন।