আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন । নির্বাচন কমিশন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিশ্বব্যাপী প্রবাসীদের নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত করেছে, যা বাংলাদেশ সময় ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।
নির্বাচন কমিশনের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্বের সব দেশের প্রবাসীরা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন । প্রথমে আটটি অঞ্চলে বিভক্ত করে পাঁচ দিনের সময়সীমা নির্ধারণ করা হলেও প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে এই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে ।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, এখন বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। তিনি বলেন, এখন আর কারও জন্য কোনো বাধা নেই।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ৫৬ হাজার ৩৪৫ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন । এর মধ্যে ৪৭ হাজার ৭৮৯ জন পুরুষ এবং ৮ হাজার ৫৫৬ জন নারী ভোটার রয়েছেন ।
প্রবাসী ভোটারদের গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে । নিবন্ধনের জন্য সেই দেশের মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র এবং সঠিক পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান করতে হবে । ভোটাররা বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে অ্যাপে প্রয়োজনীয় নির্দেশাবলি দেখতে পারবেন ।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আনুমানিক ১৫ মিলিয়ন বাংলাদেশি প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন, যা দেশের মোট ভোটারদের ১০ শতাংশের বেশি। বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটদানের ব্যবস্থা দেশের নির্বাচনী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে ।