এক সপ্তাহের ব্যবধানে তিন দফা ভূমিকম্পের পর দেশে আবারও ভূমি কেঁপে উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা, নরসিংদীসহ আশপাশের এলাকায় হালকা ভূমিকম্প অনুভূত হয়।
ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। সংস্থাটির মতে, এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.০ এবং উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।
অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, রাজধানীতে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৬ এবং এর কেন্দ্রস্থল নরসিংদীর ঘোড়াশাল এলাকায়। তিনি বলেন, “এটি স্বল্পমাত্রার ভূমিকম্প, বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই।”
গত সপ্তাহের শুক্রবার (২১ নভেম্বর) ও শনিবার প্রায় ৩১ ঘণ্টার ব্যবধানে ঢাকা ও আশপাশের এলাকায় চার দফা ভূমিকম্প অনুভূত হয়েছিল। এর মধ্যে শুক্রবার সকালে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী কম্পনের কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। সেই ঘটনায় ১০ জনের মৃত্যু এবং ছয় শতাধিক মানুষের আহত হওয়ার তথ্য পাওয়া যায়।
ধারাবাহিক কম্পন নিয়ে নাগরিকদের মধ্যে পুনরায় উদ্বেগ দেখা দিলেও বিশেষজ্ঞরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানানো হয়েছে।