সিলেটে বুধবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। গভীর রাতে হওয়ায় বেশিরভাগ মানুষ বিষয়টি টের না পেলেও সিলেটের কিছু বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে কম্পন অনুভবের কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর। তিনি জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও এলাকায়। উৎপত্তি স্থলে ভূম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫.৩, যা মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত।
রুবায়েত কবীর আরও জানান, কম্পনের কেন্দ্রস্থল ঢাকার উত্তরায় অবস্থিত পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রায় ৩৪৬ কিলোমিটার দূরে এবং সিলেটের অবস্থান থেকে ১০০ কিলোমিটারের মধ্যে ছিল।
এর মাত্র এক দিন আগে, মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.১ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। সেটির উৎসস্থল ছিল ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা-সংলগ্ন বঙ্গোপসাগর অঞ্চল। উৎপত্তিস্থল বাংলাদেশ থেকে প্রায় ৫০১ কিলোমিটার দূরে থাকায় উপকূলীয় জেলাগুলোতে এর প্রভাব তুলনামূলক বেশি পড়েছিল।
ধারাবাহিক ভূকম্পন নিয়ে বিশেষজ্ঞরা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।