মাতৃত্বের পর বলিউডে ফেরার পথে নানা বিতর্কের মুখে পড়েছেন দীপিকা পাড়ুকোন। ৮ ঘণ্টার শিফটের দাবির পর বেশ কয়েকটি বড় বাজেটের ছবি থেকে তাকে সরে যেতে হয়েছে, আর কিছু চলচ্চিত্রের প্রস্তাবও হাতছাড়া হয়েছে। তবু নিজের কাজ ও ব্যবসা নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। অন্যদিকে, নতুন মা ক্যাটরিনা কাইফও সাম্প্রতিক বছরগুলোতে বড় পর্দায় খুব একটা দেখা না গেলেও উদ্যোক্তা হিসেবে তার জনপ্রিয়তা ও সাফল্য এখন আলোচনার কেন্দ্রে।
সাম্প্রতিক আর্থিক প্রতিবেদনে দেখা যায়, দীপিকা পাড়ুকোনের স্কিনকেয়ার ব্র্যান্ড ৮২°ই চলতি অর্থবছর (অর্থবছর ২৪) প্রায় ১২৩ মিলিয়ন টাকার লোকসান করেছে। গত বছর ব্র্যান্ডটির আয় ছিল প্রায় ২১২ মিলিয়ন, যা এ বছর উল্লেখযোগ্যভাবে কমে গেছে। করের পরিমাণ কম হওয়ায় লোকসানের মাত্রা সামান্য নিয়ন্ত্রিত থাকলেও ব্যবসায়িক ধাক্কা স্পষ্ট। ব্র্যান্ডটির ব্যয় কমানো ও পরিচালন দক্ষতা বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অন্যদিকে, ক্যাটরিনা কাইফের মেকআপ ব্র্যান্ড কে বিউটি একই সময়ে দারুণ সাফল্য দেখিয়েছে। ২০১৯ সালে চালু হওয়া এই ব্র্যান্ডটি ২০২২ সালেই লাভবান হয়। চলতি অর্থবছরে এর মোট আয় ৮৮২.৩ মিলিয়ন, আর লাভ হয়েছে ১১৩ মিলিয়ন। ২০২৫ সালে আয় ১,০০০–১,০৫০ মিলিয়ন ছাড়াতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। নাইকা-এর সঙ্গে অংশীদারিত্বে পরিচালিত হওয়ায় অনলাইন ও অফলাইন—দুই ক্ষেত্রেই ব্র্যান্ডটির অবস্থান দ্রুত শক্তিশালী হয়েছে।
ফলে বড় পর্দায় পিছিয়ে থাকলেও ব্যবসায়িক প্রতিযোগিতায় দীপিকাকে স্পষ্টভাবেই ছাড়িয়ে গেছেন ক্যাটরিনা—এমনটাই মত বিশ্লেষকদের। দুই তারকার ক্যারিয়ার আপাতত ভিন্ন পথে এগোলেও উদ্যোক্তা হিসেবেই ক্যাটরিনার উত্থান এখন বলিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে।