রাজধানীর মহাখালীতে অবস্থিত কড়াইল বস্তিতে আজ মঙ্গলবার বিকেল থেকে দাউদাউ করে আগুন জ্বলছে। বিকেল ৫টার কিছু পর আগুনের সূত্রপাত হয় এবং রাত সাড়ে ৮টা পর্যন্তও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৫টা ১৯ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর প্রথমে ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে মোট ১৬টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ডেইলি স্টারের এক প্রতিবেদকের তথ্যমতে, বস্তিটির ঘরগুলো টিন, কাঠ, বাঁশ ও লোহার তৈরি। একতলা থেকে তিনতলা পর্যন্ত বিভিন্ন কাঠামোতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো বস্তিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বস্তির বাসিন্দাদের বেশিরভাগই পোশাকশ্রমিক, রিকশাচালক, হকার ও দিনমজুর। আগুন লাগার সময় অনেকে ঘরে না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সন্ধ্যার পর দেখা যায়, ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রাও খাল বা চাপকলের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, বস্তির বড় একটি অংশ আগুনে ঘিরে গেছে এবং বিশাল ধোঁয়ার স্তম্ভ দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে। এখন পর্যন্ত আগুনের উৎস বা ক্ষয়ক্ষতির পূর্ণ তথ্য জানা যায়নি। তবে স্থানীয়রা বলছেন, শতাধিক ঘর ইতিমধ্যে পুড়ে গেছে। মানুষ যা পারে হাতে নিয়ে ঘর থেকে বের করে আনার চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একদিকে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস কাজ করছে, অন্যদিকে দমকা হাওয়ায় আগুনের বিস্তার আরও বাড়ছে।