বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সাধারণ মানুষ এখনও গণভোট ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি পুরোপুরি বুঝে উঠতে পারেনি। তাঁর ভাষায়, “হ্যাঁ বা না—গণভোটের এই প্রক্রিয়া মানুষ মোটেই বুঝতে পারছে না। শেষ মুহূর্ত পর্যন্ত অনেকেই বিষয়টি ধরতে পারবে না।”
শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর আইডিইবি মিলনায়তনে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সময় ধরে একদলীয় মনোভাবপ্রবণ এবং ক্ষমতাকেন্দ্রিক শাসনব্যবস্থা দেশকে ক্ষতিগ্রস্ত করেছে। তাঁর অভিযোগ, “১৫-১৬ বছর ধরে যে সরকার ছিল, তারা নিজেদের লোক বসাতে গিয়ে সব প্রতিষ্ঠানকে অকার্যকর করে দিয়েছে।” তিনি আরও দাবি করেন, শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে গড়ে ওঠা বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার ওপর গুরুত্ব দিয়েছে।
সমাজের নৈতিক অবক্ষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, “এত মুসলমান, এত আলেম-ওলামা থাকলে দেশে এত অনাচার-অবিচার কেন? দুর্নীতি, চুরি, বিদেশে অর্থ পাচার—এসব কি করে থামবে? আমরা মসজিদ নির্মাণে এত আগ্রহী, কিন্তু ভালো মানুষ তৈরির ক্ষেত্রে সেই আগ্রহ দেখি না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।