রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ।
শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সারাদেশের সরকারি হাসপাতালে ৬০৬ জন আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১৬৭ জন হাসপাতালে ভর্তি আছেন এবং ১৬ জনকে গুরুতর অবস্থায় অন্যান্য চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। কর্তৃপক্ষের ধারণা, বেসরকারি হাসপাতালের তথ্য এখনো সম্পূর্ণভাবে সংগ্রহ না হওয়ায় প্রকৃত আহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে।
ঢাকা
পুরান ঢাকার কসাইটুলিতে একটি ভবনের রেলিং ভেঙে পড়ে তিন পথচারীর প্রাণহানি ঘটে। নিহতরা হলেন—রাফিউল ইসলাম (২০), আব্দুর রহিম (৪৮) ও তার ছেলে মেহরাব হোসেন (১২)। রাফিউল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন বলে পরিবার জানিয়েছে। আব্দুর রহিম লক্ষ্মীপুরের চন্দ্রকোনা এলাকার বাসিন্দা এবং সুরিটোলা এলাকায় ভাড়া থাকতেন।
এছাড়া মুগদার মদিনাবাগ এলাকায় নির্মাণাধীন ভবনের রেলিং মাথায় পড়ে মাকসুদ (৫০) নামের এক নিরাপত্তাকর্মী নিহত হন। সকাল সাড়ে ১১টার দিকে দুর্ঘটনা ঘটে এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মুগদা থানার এক এসআই নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ
রূপগঞ্জে দেয়াল ধসে ১০ মাস বয়সী শিশু ফাতেমার মৃত্যু হয়। ঘটনাটি ঘটে ইসলামবাগ এলাকায়। ফাতেমার মা গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন এবং এক পথচারীও আহত হয়েছেন। জেলা প্রশাসন শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে।
নরসিংদী
চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল থেকে পড়ে আসা ইটে একটি বাড়ির সানশেড ধসে পড়ে। এতে মো. ওমর (৮), তার বাবা দেলোয়ার হোসেন এবং দুই বোন আহত হন। পরে গুরুতর অবস্থায় ওমরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। একইভাবে চিকিৎসাধীন অবস্থায় তার বাবাও মৃত্যুবরণ করেন।
পলাশ উপজেলার মালিতা পশ্চিমপাড়ায় মাটির ঘর ধসে চাপা পড়ে আহত হন কাজেম আলী ভূঁইয়া (৭৫)। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
শিবপুর উপজেলায় গাছ থেকে পড়ে আহত ফোরকান মিয়া (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এ ছাড়া ডাঙ্গা ইউনিয়নে ভূমিকম্পের সময় আতঙ্কে স্ট্রোক করে নাসিরউদ্দিন (৬৫) মারা গেছেন বলে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন গণমাধ্যমকে জানান।
আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ৫.৭, যা মাঝারি ধরনের ভূমিকম্প হিসেবে বিবেচিত।