সরকার অবৈধ পথে আসা এবং ক্লোন করা মোবাইল ফোনের ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে। ঘোষণার অংশ হিসেবে আগামী ১৬ ডিসেম্বর থেকে যে কোনো অনিবন্ধিত হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হবে। তবে বর্তমানে ব্যবহৃত বা ওই দিনের আগে কেনা অবৈধ ফোনগুলো বন্ধের আওতায় আসবে না।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সরকার অবৈধ আমদানি, চোরাচালান ও ক্লোন করা মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করতে বদ্ধপরিকর। তিনি বলেন, এসব হ্যান্ডসেটের ক্ষেত্রে “কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
এ ছাড়া নাগরিকদের সুবিধার জন্য রেজিস্ট্রেশন, ডি-রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ চলছে বলেও জানান তিনি।
ফয়েজ তৈয়্যব বলেন, নিজের নামে নিবন্ধিত সিম বৈধ ফোনে ব্যবহার করলে ব্যবহারকারীর কোনো অসুবিধা হবে না। বিদেশে থাকা প্রবাসীরাও নিয়ম মেনে এক বা দুইটি ফোন দেশে আনতে পারবেন এবং সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন। এর বেশি ফোন আনলে শুল্ক দিতে হবে—এ নিয়ম আগের মতোই বহাল আছে।
তিনি আরও জানান, গ্রাহকদের স্বার্থে বৈধ মোবাইল ফোনের দাম কমাতে যা যা প্রয়োজন, সরকার সেই পদক্ষেপ নেবে।