নরসিংদী পৌর এলাকার ব্রাহ্মণপাড়া থেকে অভিনব পদ্ধতিতে গাঁজা বহনের সময় নারীসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ। ইউএমসি জুট মিল সংলগ্ন বালুর মাঠ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের হাছু মিয়ার ছেলে জামাল মিয়া (২০) এবং আখাউড়া উপজেলার দুর্গাপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী শিল্পী বেগম (২৭)। তাদের কাছ থেকে ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শহর পুলিশ ফাঁড়ির এসআই মো. বোরহান উদ্দিনের নেতৃত্বে পুলিশ একটি অভিযানে যায়। গোপন সংবাদে জানা যায়, দুই মাদককারবারি কস্টেপ দিয়ে শরীরে পেঁচিয়ে গাঁজা বহন করছে। অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটক দুজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং পুলিশকে ফাঁকি দিতেই এমন পদ্ধতি ব্যবহার করছিলেন। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।