জোর করে চুম্বনের চেষ্টা করায় এক তরুণী আত্মরক্ষায় প্রেমিকের জিহ্বার একটি অংশ কামড়ে ছিঁড়ে ফেলেছেন। সোমবার বিকেলে উত্তর প্রদেশের কানপুরে দরিয়াপুর এলাকায় ঘটে এই ঘটনা, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। পুলিশ জানায়, আহত যুবকের নাম চাম্পি (৩৫)। তিনি বিবাহিত এবং দরিয়াপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে পরিবারের চাপে মেয়েটির বিয়ে অন্য জায়গায় ঠিক হলে তিনি চাম্পির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে যুবকটি প্রায়ই তরুণীকে অনুসরণ করতেন এবং জোর করে দেখা করার চেষ্টা করতেন।
সোমবার বিকেলে বাড়ির চুলার জন্য পুকুর থেকে কাদা আনতে গেলে আবারও তাকে অনুসরণ করেন চাম্পি। সেখানে তিনি তরুণীকে হেনস্তা করতে শুরু করেন। বাধা দিলে তিনি জোর করে চুম্বন দেওয়ার চেষ্টা করেন। তখন আত্মরক্ষার একমাত্র উপায় হিসেবে তরুণী চাম্পির জিহ্বায় কামড় বসান। এতে তার জিহ্বার একটি অংশ ছিঁড়ে যায়।
চাম্পির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।
জেলার ডেপুটি কমিশনার অব পুলিশ দিনেশ ত্রিপাঠী জানান, ঘটনাটির বিষয়ে মামলা নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।