ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার রায় ঘোষণার দিন ধানমণ্ডিতে পুলিশের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ঘটনাস্থলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং রাফিয়াকে নিয়ে নানা সমালোচনা শুরু হয়। তবে এবার তাঁর পক্ষ নিয়ে বক্তব্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও আলোচিত শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে ফেসবুকে দেওয়া একটি পোস্টে মোনামি বলেন, রাফিয়াকে একমাত্র টার্গেট করা হচ্ছে বলেই মনে হয়, কারণ তিনি নিজস্ব মত ও ধর্মীয় পরিচয় প্রকাশ্যে ধারণ করেন কোনো দ্বিধা ছাড়াই। তাঁর মন্তব্য, একই ভাষা বা প্রতিবাদ কোনো নন-হিজাবি শিক্ষার্থীর কাছ থেকে এলে ‘সুশীল’ মহল সেটিকে ক্ষমতায়নের উদাহরণ হিসেবে প্রচার করত।
মোনামি আরও মন্তব্য করেন, ঘটনাস্থলে পুলিশের আচরণ ছিল অনভিপ্রেত, অসম্মানজনক এবং অযৌক্তিক। তাঁর মতে, রাফিয়া প্রতিকূল পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে জবাব দিলেও সেটিকে নারীর ক্ষমতায়ন হিসেবে দেখা হচ্ছে না; আবার পুলিশের আচরণও সমালোচিত হচ্ছে না—কারণ রাফিয়ার অবস্থান প্রচলিত ‘চয়েস-বেইসড’ ফেমিনিজমের কাঠামোর সঙ্গে মিলে না।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো আলোচনা চলছে।