বাংলাদেশের মোবাইল ফোন ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) সারা দেশে সব মোবাইল ফোন বিক্রির দোকান সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, সুমাশটেকের প্রধান নির্বাহী ও অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে। বক্তাদের দাবি, পিয়াসকে বুধবারের মধ্যেই মুক্তি না দিলে তারা ‘কঠোর আন্দোলন’ শুরু করতে বাধ্য হবেন। এমনকি পরিস্থিতি আরও জটিল হলে “দেশ অচল করে দেওয়ার” হুমকিও দেন তারা।
বক্তারা জানান, পিয়াসকে তুলে নেওয়ার প্রতিবাদে দেশজুড়ে সব মোবাইল ফোন দোকান বন্ধ থাকবে এবং প্রয়োজন হলে কর্মসূচি আরও বিস্তৃত করা হবে।
মঙ্গলবার গভীর রাতে মিরপুর-১ এলাকার বাসা থেকে পিয়াসকে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ—এমন অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। পিয়াসের স্ত্রী সুমাইয়া চৌধুরী জানান, রাত ৩টার দিকে ডিবির সদস্যরা তার স্বামীকে বাসা থেকে নিয়ে যান এবং সঙ্গে থাকা মোবাইল ফোনটিও জব্দ করেন।