ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার পক্ষে ফটোকার্ড পোস্ট করার ঘটনায় পুলিশ আটক করেছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর তিনি এ ধরনের পোস্ট দেন বলে অভিযোগ ওঠে।
গত সোমবার রাতে লাভলুর বাসার সামনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং বেশ কিছু শিক্ষার্থী অবস্থান নেন। পরিস্থিতি উত্তপ্ত হলে শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে।
আজ মঙ্গলবার দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় লাভলুর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে এবং আদালতে হাজির করা হবে।
আটকের আগে নিজের দেওয়া একটি ভিডিও বার্তায় লাভলু দাবি করেন, তিনি কোনো অন্যায় করেননি এবং শেখ হাসিনা দেশে ফিরবেন বলে তাঁর বিশ্বাস।
ক্যাম্পাস সূত্র জানায়, ছাত্রজীবনে লাভলু ঢাবির মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।
ঘটনাটি নিয়ে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন–বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ফেসবুকে লেখেন, তাঁরা লাভলুকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এবং ‘গণহত্যায় সম্পৃক্ত শিক্ষকদের’ বিরুদ্ধেও একই অবস্থান থাকবে। তিনি আরও লিখেন, ২০০০ শহিদের রক্তের প্রতি শপথবদ্ধ আন্দোলনে বিশ্বাসঘাতকতার কোনো স্থান নেই।
উল্লেখ্য, গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই হত্যাকাণ্ড–সংক্রান্ত মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।