দেশের হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১ হাজার ২৩৪ জন বলে জানিয়েছে ইসি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য তুলে ধরেন।
তিনি জানান, ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যেসব নাগরিক ১৮ বছরে পা দিয়েছেন, তারা এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য ছিলেন।
নতুন তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, পুরুষ ভোটার ২.২৯ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছেন। অন্যদিকে নারী ভোটারের বৃদ্ধি ৪.১৬ শতাংশ, যা তুলনামূলকভাবে বেশি। অতীতে তালিকায় নারীর অংশগ্রহণ কম দেখা গেলেও এবার তাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে মন্তব্য করেন সচিব।
এর আগে গত ৩ নভেম্বর প্রকাশিত খসড়া তালিকায় পুরুষ ভোটার ছিলেন ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন আর তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ২৩০ জন।