বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মিষ্টি বিতরণকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর স্টিলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রবিউল ইসলাম (৩০)। তিনি জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি।
বাবুগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম জানান, মিষ্টি বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া–না–পাওয়া নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। সেই দ্বন্দ্ব থেকেই সংঘর্ষের সূত্রপাত হয় এবং শেষ পর্যন্ত হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, গত বছর জুলাইয়ের গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড ঘোষণা করে। এই রায়কে সমর্থন জানাতে বিকেলে জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করছিলেন।
অনুষ্ঠান চলাকালে ছাত্রদল নেতা রবিউল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আউয়াল হাওলাদার, মো. রাসেল ও মো. শাকিলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে স্বেচ্ছাসেবক দল নেতা আউয়াল হাওলাদার ধারালো অস্ত্র দিয়ে রবিউলের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আউয়াল হাওলাদার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।
আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহিদ হোসেন জানান, ঘটনার পর পুলিশের কয়েকটি দল এলাকা পরিদর্শন করেছে এবং হামলায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।