আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, তাঁরা খুব শিগগিরই ভারত সরকারকে আবারও আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাবেন। সেই চিঠিতে ভারতের কাছে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ জানানো হবে।
রায় ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেন, “ভারত যদি একজন গণহত্যার দায়ে দণ্ডিত ব্যক্তিকে রাজনৈতিক আশ্রয় দিতে থাকে, তবে সেটি বাংলাদেশের প্রতি বৈরী ও অমর্যাদাকর আচরণ হিসেবে বিবেচিত হবে।” তাঁর দাবি, রায়ের পর এখন ভারতের নৈতিক ও আইনি দায়িত্বই হচ্ছে অভিযুক্তকে ফেরত পাঠাতে সহযোগিতা করা।
আসিফ নজরুল আরও বলেন, আজকের রায় বিচারপ্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও সামনে আরও অনেক কাজ বাকি আছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যেকোনো নির্বাচিত সরকার যেন মানবতাবিরোধী অপরাধের বিচার থেকে পিছু হটবে না এবং প্রক্রিয়াটি অব্যাহত রাখবে।
রায়ের বিষয়ে তাঁর মূল্যায়ন ছিল স্পষ্ট—
“এই রায়ে আমি সন্তুষ্ট, বিস্মিত নই। শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে যে পরিমাণ প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে, তা পৃথিবীর যে কোনো স্থানে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে যথেষ্ট।”
তিনি উল্লেখ করেন, মামলার তদন্ত ও সাজানো তথ্যপ্রমাণ ‘অকাট্য ও শক্তিশালী’, যা সর্বোচ্চ দণ্ড ঘোষণাকে স্বাভাবিক পরিণতি হিসেবে প্রতিষ্ঠা করেছে।