জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। চানখারপুরে ছয়জনকে হত্যা–সংক্রান্ত অভিযোগে এই শাস্তি নির্ধারণ করা হয়।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার তিন সদস্যের বিচারিক বেঞ্চের পক্ষ থেকে এ রায় ঘোষণা করেন। প্যানেলে আরও ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।
রায় ঘোষণার সময় আদালতকক্ষ ছিল ভিড়াক্রান্ত। আইনজীবীদের পাশাপাশি জুলাই–আগস্টে নিহতদের কয়েকটি পরিবারের সদস্যও উপস্থিত ছিলেন।
আদালত জানায়, শেখ হাসিনার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই প্রমাণিত হয়েছে। এর মধ্যে একটিতে তাকে আমৃত্যু কারাদণ্ড এবং বাকি দুই অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষ শুনানি চলাকালে দাবি করে আসছিল যে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী সব ঘটনার মূল পরিকল্পনা, নির্দেশনা এবং নিয়ন্ত্রণে ছিলেন শেখ হাসিনা—তিনি ছিলেন হুকুমদাতা ও সর্বোচ্চ কর্তৃপক্ষ।