বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জয়ের পর অক্টোবরের শেষ দিকে তিনি প্রতিযোগিতার মূল আসরে অংশ নিতে থাইল্যান্ডে পৌঁছান।
সম্প্রতি অনলাইন ভোটিংয়ের পিপলস চয়েজ বিভাগে প্রথম স্থান অর্জন করে তিনি দেশের জন্য নতুন মাইলফলক গড়েছেন। তবে প্রতিযোগিতার একটি সেগমেন্টে বিকিনি পরার কারণে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় তাকে ট্রলের মুখোমুখি হতে হয়েছে।
থাইল্যান্ড থেকে দেয়া ভিডিও বার্তায় মিথিলা বলেন,
“অন্যান্য দেশের মানুষ ট্রল করলে সমস্যা নেই; কিন্তু নিজের দেশের মানুষ সমর্থন না দিলে কষ্ট লাগে। এত বড় প্ল্যাটফর্মে দেশের প্রতিনিধিত্ব করতে অনেক কষ্ট, শৃঙ্খলা ও সময় মেনে চলতে হয়। তারপরও যদি প্রশংসা না পাই, তা সত্যিই দুঃখজনক।”
বিকিনি পরা নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন,
“আমি যদি বিকিনি না পরি, তবে টপ থার্টিতেও যেতে পারব না। আপনারা চান আমি জিতি—তাহলে আমাকে বিকিনি পরতেই হবে। এখানে কোনো ধর্মীয় বিষয় নেই। বাংলাদেশকে জিতাতে হলে প্রতিযোগিতার নিয়ম মেনেই চলতে হয়।”
তিনি আরও যোগ করেন,
“বিশ্বের এতগুলো দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে নিজেকে সর্বোচ্চভাবে প্রস্তুত রাখতে হয়। এর জন্য দেশের মানুষের সমর্থন আমার খুব প্রয়োজন।”
তার এ বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং অনেকেই তাকে সমর্থন জানাচ্ছেন।