ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করার পর জামিন পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী। রোববার (১৬ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত–৩-এর বিচারক আফরোজা তানিয়া তাদের জামিন মঞ্জুর করেন। শুনানির শুরুতে দুজনই আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন এবং তাদের পক্ষের আইনজীবী তুহিন হাওলাদার জামিন আবেদন করেন।
২৭ লাখ টাকা আত্মসাৎ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগে আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলা করেছিলেন। মামলার পর আদালত গত ১০ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। বাদী আমিরুল ইসলাম রোববার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
মামলার নথিতে উল্লেখ ছিল—দীর্ঘদিনের পরিচয়ের সুযোগ নিয়ে মেহজাবীন ও তার ভাই আমিরুলকে তাদের পারিবারিক ব্যবসার অংশীদার করার আশ্বাস দেন। বিভিন্ন সময় নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেন বলে অভিযোগ। তবে টাকা নেওয়ার পর তারা ব্যবসা শুরু করতে কোনো উদ্যোগ না নেওয়ায় টাকা ফেরত চাইলে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন।
অভিযোগে আরও বলা হয়, গত ১১ ফেব্রুয়ারি পাওনা দাবি করতে গেলে তাকে ১৬ মার্চ হাতিরঝিল এলাকার একটি রেস্টুরেন্টে যাওয়ার কথা বলা হয়। সেখানে গেলে মেহজাবীন, তার ভাই এবং আরও কয়েকজন তাকে গালিগালাজ করে এবং বাড়িতে গিয়ে টাকা চাইলে ‘জান থেকে মেরে ফেলার’ হুমকি দেন। পরে ভাটারা থানা এ অভিযোগ আদালতে দেওয়ার পরামর্শ দেয়। পরবর্তী সময়ে তিনি ২৪ মার্চ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
এ মামলায় গ্রেফতারি পরোয়ানা তামিলের প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৮ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত খবরকে ‘ভিত্তিহীন’ দাবি করে ফেসবুকে একটি পোস্ট দেন অভিনেত্রী মেহজাবীন। তিনি সাংবাদিকদের উদ্দেশে লিখেন—তার বিরুদ্ধে প্রচারিত এসব খবর যাচাই-বাছাই ছাড়া প্রকাশ না করতে অনুরোধ জানান।