ঢাকা–বরিশাল মহাসড়কের কয়েকটি স্থানে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। এতে ভোর থেকেই বন্ধ হয়ে যায় মহাসড়কের যান চলাচল।
সোমবার (১৭ নভেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ‘শাটডাউন’ কর্মসূচি বাস্তবায়নের দাবিতে রোববার ভোর থেকে মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে এবং আশপাশের এলাকায় এই অবরোধ শুরু হয়।
গাছ ফেলে সড়ক অবরোধ
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ভোরে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুক তার নেতাকর্মীদের নিয়ে গোপালপুর এলাকায় জড়ো হন। এরপর তারা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন।
নেতাকর্মীরা আরও জানান, ১৭ নভেম্বর রায় ঘোষণার পর দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

হঠাৎ অবরোধে মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েন।
পুলিশ–ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান
অবরোধের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নাশকতা প্রতিরোধ এবং সড়ক থেকে গাছ সরানোর কাজ শুরু করে।
মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ বলেন, “ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করে একদল দুর্বৃত্ত। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা সটকে পড়ে। সড়ক স্বাভাবিক করতে উদ্ধার কাজ চলছে।”
ডাসার থানার ওসি শেখ এহতেশামুল ইসলাম জানান, “ডাসার ও কালকিনি অংশে সাত–আটটি স্থানে গাছ ফেলে রাখা হয়েছে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণও ঘটানো হয়েছে। ডাসার অংশের গাছ ইতোমধ্যে সরানো হয়েছে। কালকিনিতে বড় গাছ পড়ায় কিছুটা সময় লাগছে। দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে।”