মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। থাইল্যান্ডের মঞ্চে সৌন্দর্য, আত্মবিশ্বাস ও অসাধারণ পারফরম্যান্সে ইতোমধ্যেই তিনি নজর কেড়েছেন বিশ্বব্যাপী দর্শকদের। পৃথিবীর ১২১ দেশের প্রতিযোগীদের মধ্যেও তার নাম উঠে এসেছে আলোচনার শীর্ষে। পিপলস চয়েস ভোটিংয়ে কখনো প্রথম, কখনো দ্বিতীয় স্থানে থাকার ফলেই তিনি দেশজুড়ে উত্তেজনা তৈরি করেছেন।
এই টানটান প্রতিযোগিতার মাঝেই থাইল্যান্ড থেকে দেশবাসীর উদ্দেশে ভিডিও বার্তা পাঠান মিথিলা। সেখানে তিনি বলেন,
“বাংলাদেশ এখনো লড়াইয়ে আছে। আমি মঞ্চে আমার সর্বোচ্চটা দিচ্ছি। এখন দরকার শুধু একটি মিরাকল—আপনাদের ভোট।”
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় আরও একটি পোস্টে তিনি আবারও সবার কাছে ভোট কামনা করেন। মিথিলা জানান, ১৯ নভেম্বর পর্যন্ত যেন সবাই বাংলাদেশকে ভোট দিয়ে যান—এটাই তাদের সবচেয়ে বড় আশা ও শক্তি। এর আগে এক পোস্টে তিনি উল্লেখ করেন, শক্তিধর দেশগুলো নানা কৌশলে ভোট বাড়াচ্ছে বলেই বাংলাদেশ মাঝেমধ্যেই দ্বিতীয় স্থানে নেমে যাচ্ছে। যদিও বাংলাদেশ ঐসব দেশের মতো ‘পাওয়ারহাউস’ নয়, তবু আমাদের শক্তি হলো মানুষের ভালোবাসা ও দেশপ্রেম। তাই ভোটিং ডেডলাইনের শেষদিন পর্যন্ত সবাইকে ভোট দিতে অনুরোধ জানান তিনি।
এদিকে দেশের শোবিজ অঙ্গনের বহু তারকাই মিথিলার পক্ষে প্রচারণায় নেমেছেন। জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, সাফা কবীর, জান্নাতুল পিয়া, ঐশী, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ অসংখ্য শিল্পী ও কনটেন্ট ক্রিয়েটর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে সমর্থন জানিয়ে ভোট চাইছেন।