বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে হাফ ভাড়া কেন্দ্র করে বিএম কলেজের শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যার পর।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন বিএম কলেজ শিক্ষার্থী একটি বাসে করে নথুল্লাবাদে পৌঁছান। ভাড়া দেয়ার সময় তারা হাফ ভাড়া দিতে চাইলে পরিবহন শ্রমিকদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা অর্ধশতাধিক বাস ভাঙচুর করেন।
শিক্ষার্থীদের স্লোগান দিতে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করতে দেখা যায়। ফলে বরিশাল–কুয়াকাটা রুটে সবধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলে শিক্ষার্থীরা বাধা দেননি।
শিক্ষার্থীদের অভিযোগ, পরিবহন শ্রমিকরাই প্রথমে তাদের ওপর হামলা চালিয়েছে। খবর ছড়িয়ে পড়লে আরও শিক্ষার্থী নথুল্লাবাদে এসে জড়ো হন। এ সময় শ্রমিকরা শিক্ষার্থীদের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে বলে অভিযোগ পাওয়া যায়। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, হাফ ভাড়ার নিয়ম থাকা সত্ত্বেও তাদের ওপর অন্যায়ভাবে হামলা করা হয়েছে।
অন্যদিকে কয়েকজন পরিবহন নেতা জানান, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়া হয়। তবে শুক্র ও শনিবার তারা হাফ ভাড়া নেন না। এই ভুল বোঝাবুঝির জের ধরেই সংঘর্ষের সৃষ্টি হয়েছে বলে তারা দাবি করেন।
বরিশাল এয়ারপোর্ট থানার ওসি মামুন উল ইসলাম বলেন, শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।