আগামী জাতীয় নির্বাচন বানচাল করার কোনো চেষ্টা সফল হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, “ইলেকশন কেউ ঠেকাতে পারবে না। এবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।”
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে খুলনায় নির্বাচনকে সামনে রেখে পুলিশের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন।
আইজিপি বলেন, “কত সেন্টার বন্ধ করবেন? নির্বাচন বন্ধ করা সম্ভব নয়। আমরা শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করেই ভোট সম্পন্ন করব।”
ক্রসফায়ার দিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ নয়:
বাহারুল আলম জানান, পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে; তবে ক্রসফায়ারের মতো পদ্ধতি ব্যবহার করা হবে না। তিনি বলেন, “অবৈধ বা অনৈতিক কোনো উপায় ব্যবহার করে পরিস্থিতি সামাল দিতে চাই না।”
অসৎ পুলিশ সদস্যদের বিরুদ্ধে কড়া অবস্থান:
আইজিপি আরও বলেন, “যারা অনিয়মে জড়িত বা যাদের পরিশুদ্ধি সম্ভব নয়, এমন কাউকে নেতৃত্বের দায়িত্বে রাখা হবে না।” তিনি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সবার সহযোগিতা কামনা করেন।